কর্মশালায় বক্তারা
মানবপাচার রুখতে কঠোর আইন, অনলাইন প্রতারণাও শাস্তিযোগ্য
মানবপাচার ও অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন বা অভিবাসনের নামে প্রতারণা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান নতুন আইনে যুক্ত হয়েছে। এছাড়া আসামির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সম্পত্তি জব্দ করা এবং আসামির অনুপস্থিতিতে বিচার করার মতো যুগান্তকারী বিধান এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০০০ সালে গৃহীত জাতিসংঘ কনভেনশন (ইউএনটিওসি) এবং এর সম্পূরক প্রোটোকলগুলোর (টিআইজিপি ও এসওএম) আলোকে বাংলাদেশ সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ প্রণয়ন করে।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, নতুন এই আইনে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি ভিকটিমদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন প্রতারণা, স্ক্যামিং এবং মুক্তিপণ আদায়ের মতো আধুনিক অপরাধগুলোকে এই আইনের আওতায় আনা হয়েছে। মানবপাচার প্রতিরোধে কেবল কঠোর আইনই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় জানানো হয়, নতুন এই আইনের মাধ্যমে মানবপাচার অপরাধের প্রকৃতি ও ব্যাপকতা বিবেচনায় নিয়ে তদন্ত সংস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সম্পত্তি জব্দ করা এবং আসামির অনুপস্থিতিতে বিচার করার মতো যুগান্তকারী বিধান এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অভিবাসী চোরাচালানের উদ্দেশে পাসপোর্ট বা ভিসা জালিয়াতিকেও কঠোর শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে মূলত অপরাধীদের আর্থিক জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা যাবে।
‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এর প্রধান নতুন সংযোজন ও পরিবর্তনগুলো
সমন্বিত আইনি কাঠামো ও পৃথক সংজ্ঞা
২০১২ সালের আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে সঠিকভাবে আলাদা করা হয়নি। নতুন আইনে এই দুটিকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। জাতিসংঘের প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য মানবপাচারের সংজ্ঞাকে জাতিসংঘের টিআইপি প্রোটোকলের সঙ্গে এবং অভিবাসী চোরাচালানকে এসওএম প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। প্রথমবারের মতো মানবপাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত সকল বিধান এই একটি আইনের আওতায় আনা হয়েছে।
কঠোরতর দণ্ড ও নতুন অপরাধের অন্তর্ভুক্তি
অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধানে পরিবর্তন আনা হয়েছে। পাচারকারীকে সম্পত্তি ব্যবহার করতে দিলে বা নথি গোপন করে সহায়তা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই উদ্দেশ্যে কাউকে আমদানি বা স্থানান্তর করলে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা। অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন বা অভিবাসনের নামে প্রতারণা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান যুক্ত হয়েছে।
তদন্ত ও বিচারিক ক্ষমতার আধুনিকায়ন
তদন্তকারী কর্মকর্তারা এখন পাচারকারীদের ব্যাংক হিসাব জব্দ ও আয়-সম্পদ যাচাইয়ে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মানবপাচার ট্রাইব্যুনাল এখন পাচার সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের (যেমন: আঘাত, মাদক পাচার বা যৌন সহিংসতা) বিচারও একইসঙ্গে করতে পারবে, যা আগে আলাদা আদালতে করতে হতো। বিদেশে অবস্থিত সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা হয়েছে।
ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ
ভুক্তভোগী বা সাক্ষীকে হুমকি দিলে ৩ থেকে ৭ বছর এবং আপস করতে বাধ্য করলে ২ থেকে ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাচারের শিকার থাকাকালীন ভুক্তভোগী যদি অনিচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট অবৈধ কাজ (যেমন: জাল পাসপোর্ট বহন বা অবৈধ অনুপ্রবেশ) করে ফেলে, তবে তাকে আসামি হিসেবে গণ্য না করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা ভুক্তভোগীদের অবস্থা পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ৬ মাস অন্তর প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আইনের সঠিক প্রয়োগ এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে অবৈধ পথে বিদেশ গমনের প্রবণতা হ্রাস পাবে এবং মানব পাচারকারী চক্রের মূলোৎপাটন করা সম্ভব হবে।
কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম।
টিটি/এমএমকে