হেফাজত আমির
হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সাক্ষাৎ শেষে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।
রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ হাদিয়া হিসেবে প্রদান করা হয়।
পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য গঠন করা হয়েছে।
তিনি বলেন, এ জোটে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতির প্রয়োজনেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।
মামুনুল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে যেমন ছিল, এখনো তেমন রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আদর্শিক বা আকিদাগত ঐক্য নয় বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য, বলেন তিনি।
সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের নিহত কর্মীদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ উপহার হিসেবে দেওয়া হয়।
মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলাম কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শ অনুসরণ করে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর যে কোনো দেশীয় বা আন্তর্জাতিক আঘাতের বিরুদ্ধে সংগঠনটি অতীতের মতো ভূমিকা রাখবে।
এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরী, মাহফুজুল হক, জসিমউদ্দীন, আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহও উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এসএনআর