যাত্রাবাড়ীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ/ছবি জাগো নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সাজিত হাসান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজিদের বাবা সুলাইমান বলেন, আমার ছেলে ফার্মগেটে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতো। সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার শ্রীরামপুরে। ঢাকায় কদমতলীর মেরাজনগর এলাকায় পরিবার নিয়ে থাকি আমরা। আমার ছেলের দুই মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।