দুই মাস পর ভারমুক্ত হলো ডিএমপি, দায়িত্ব নিলেন মোসলেহ্ উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৮ মে ২০২৬
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ

প্রায় দুই মাস ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দুজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন। নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এ নাসিরুদ্দিন।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ১৬ মার্চ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান মোসলেহ্ উদ্দিন আহমদ। এরপর ২৫ মার্চ দায়িত্ব নেন তিনি।

এদিকে, গত প্রায় দুই মাস ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ মে সরোয়ার স্বাভাবিক অবসরে যান। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ্ উদ্দিন।

তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্বে ছিলেন।

পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে নানান আলোচনা চলছিল। এ আলোচনায় র‍্যাবের এডিজি ফারুক আহমেদসহ নাম শোনা যায় একাধিক কর্মকর্তার।

গত বুধবার মোসলেহ্ উদ্দিন আহমদকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।

টিটি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।