চসিক মেয়র

শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৯ মে ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মের ওপর। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

মঙ্গলবার (১৯ মে) নগরের ও. আর. নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ‘ওপেন ডে ২০২৬-২৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মশিউর উদ্দিন আনোয়ার বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।