কেরানীগঞ্জে অভিযানে নকল খাদ্যপণ্য উদ্ধারসহ জরিমানা আদায় র্যাবের
রাজধানীর কেরাণীগঞ্জে নকল ও ভেজাল খাদ্যপণ্যবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ নকল অস্বাস্থ্যকর ভেজাল খাদ্যপণ্য উদ্ধারসহ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৯ মে) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান। কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
তাপস কর্মকার বলেন, মঙ্গলবার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল খাদ্যপণ্য সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রুবেল ও মনির হোসেনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
কেআর/এমকেআর