তথ্য-প্রমাণের ভিত্তিতেই খালেদাকে গ্রেফতার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। তদন্তে মামলায় করা অভিযোগ প্রমাণিত হলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার দুপুর সোয়া ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বর্তমান সহিংসতা-নাশকতা সৃষ্টির হুকুমদাতা যেই হোন না কেন, সমাজের তার যেই ভাবমূর্তি থাক না কেন অপরাধী হিসেবে প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই ডিএমপি এলাকাসহ সারাদেশে নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না, নাশকতাকারী যেই হোক আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “নাশকতার হুকুমদাতা, আশ্রয়দাতা, সহায়তাকারী এবং অর্থের যোগানদাতা যেই হোক না কেন তার সামাজিক পরিচয় বা ভাবমূর্তি বিবেচনায় নেয়া হবে না।”

গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। তাকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘খালেদাকে হুকুমের আসামী করে মামলার বিষয়টি তদন্তাধীন। তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশী তদন্তে মামলায় করা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যারা নাশকতা করছে তাদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে কমিশনার বলেন, ‘সবাই জানেন কাদের নির্দেশে দেশে নাশকতা সংঘঠিত হচ্ছে, কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছেন। যারা এই প্রিয় মাতৃভূমিকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে, অবরোধের নামে জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ মারছে, নাশকতা করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘রিয়াজ রহমানের মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। রিয়াজ রহমানের উপর হামলা করে কারা লাভবান হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

নাশকতাকারীদের বিরুদ্ধে ডিএমপির কঠোর অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলমান অবরোধ ও হরতালে ৬৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এরমধ্যে ১০৬ জনকে বোমা ছোড়ার সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।’

গ্রেফতারকৃতদের মধ্যে ৬৭ জন বিএনপি কর্মী ও ৩৯ জন জামায়াত-শিবির কর্মী বলেও তিনি জানান। চলমান অবরোধে দুর্বৃত্তরা রাজধানীতে ১২০টি যানবাহনে অগ্নিসংযোগ ও ১২টি যানবাহন ভাংচুর করেছে বলেও জানান তিনি।

নাশকতার অভিযোগে রাজধানীতে ১৪৯টি ফৌজদারী মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাশকতার অভিযোগে যে মামলাগুলো হয়েছে পুলিশ সবগুলো মামলাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’

অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চলমান অবরোধে ৩৬ জন পুলিশ দায়িত্ব পালনকালে আহত হয়েছে। এছাড়া দুই জন আনসার সদস্যও আহত হয়েছে।’

জেইউ/বিএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।