কারাগারে কামারুজ্জামানের পরিবার


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তার স্ত্রীসহ পরিবারের আট সদস্য কারাগারে যান। কামারুজ্জমানের স্ত্রী নুরুন্নাহার, ছেলের বউ শামীম আরা, মেয়ে আছিয়া নূর, তিন ভাতিজী রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা পারভীন, ভাগ্নে সানোয়ার এবং শ্যালক আবুল কালাম সাক্ষাৎ করতে কারাগারে গেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর এটিই পরিবারের সদস্যদের প্রথম সাক্ষাৎ।

গত ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের পাঁচ আইনজীবী তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান। ২৮ জানুয়ারি কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরাে একবার সাক্ষাৎ করেছেন। ২৮ ফেব্রুয়ারি তারা আবার দেখা করতে আবেদন করলে অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।