নাসিক নির্বাচনে কোনো ছাড় নয় : শাহনেওয়াজ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ যদি কোনো গোলমাল করার চেষ্টা করে তাহলে কোনো ছাড় দেয়া হবে না। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার শেরেবাংলা নগরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। পরিস্থিতি খারাপের কোনো সুযোগ দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
শাহনেওয়াজ জানান, ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বীরা শঙ্কা করতেই পারেন। মানুষের মনে শঙ্কা আসতেই পারে। তবে কমিশন সার্বিকভাবে ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেয়া দরকার সব ব্যবস্থাই নেবে।
তিনি জানান, গতবারও অনেক শঙ্কা হয়েছিল, কিন্তু আদৌ সে রকম কিছু ঘটেনি। এবারও আলাদা কোনো ব্যবস্থা না নিয়ে সবার জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, তৎপরতাও বাড়ানো হবে।
আমরা দৃঢ় ও শক্ত অবস্থান নিয়েছি। কোনো গোলমাল ও অনিয়ম সহ্য করা হবে না। আমরা শঙ্কার অবস্থানে নেই; নিঃসংকোচে সবাইকে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা থাকবে। ভোটারদের আহ্বান জানাই, আপনারা ভীত হবেন না, নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।
এ নির্বাচন কমিশনার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাহী হাকিম থাকবে। সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।
এইচএস/জেএইচ/জেআই