সালাহউদ্দিনকে খুঁজে বের করতে রুল জারি


প্রকাশিত: ১০:৩০ এএম, ১২ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে খুঁজে বের করে আগামী রোববারের মধ্যে আদালতে কেন হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিন আহমেদকে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।

হাসিনা আহমেদ অভিযোগ করেন, সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় তিনি উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে দাবি করেন, সালাহউদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ :ধরে নিয়ে গেছে।

তবে মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, পুলিশ সালাহ উদ্দিনকে আটক করেনি।


বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।