নূরকে ফেরত দেবে ভারত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসমি নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাকে যেকোনো সময় দেশে ফেরত আনা হবে। রোববার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি দুটি হারবার বোট কোস্টগার্ডের সদস্যদের কাছে হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সাত খুনের ঘটনা নারায়ণগঞ্জবাসীসহ সারা দেশের মানুষকে আলোড়িত করেছে। ইতিমধ্যে সাত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে। খুব শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মুকবুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ আবু মনসুর আরশাদুল আবেদীন, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।
এএইচ/পিআর