গোপিবাগে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১
রাজধানীর ওয়ারী এলাকার গোপিবাগে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারীর গোপিবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে র্যাব -২ সদস্যরা। আটককৃতের নাম- মিন্টু আহমেদ শুভ(৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়ার এএসপি মারুফ আহমেদ। তিনি জানান, র্যাব -২ ব্যাটালিয়ন রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর ওয়ারী থানাধীন গোপিবাগ এলাকার আরকে মিশন রোড নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল সন্ধ্যা ৭টা দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিক্রয়কালে মিন্টু আহমেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত মিন্টু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর জনবহুল এলাকায়, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও বাস-ট্রাক শ্রমিকদের নিকট মাদক দ্রব্য বিক্রয় করে আসছে।
এএসপি মারুফ আহমেদ আরো জানান, আটককৃতের দেয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে র্যাব -২ এ ধরনের মাদক দ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/আরএস/আরআই