৭ ফিট বাঁশের দাম ৩০০ টাকা!


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

বাঁশ কেনা আর বাঁশ দেয়া এক ব্যাপার নয়। কিন্তু প্রয়োজনের তাগিদে আকাশছোঁয়া দামে বাধ্য হয়ে যদি বাঁশ কিনতে হয় তবে তা বাঁশ দেয়ার মতোই ঘটনা। এবার বিশ্ব ইজতেমায় এমনটি ঘটেছে বলে দাবি করেছেন ব্লেজার ব্যবসায়ী আলী হোসেন। মাত্র সাত ফিট বাঁশ তিনি কিনেছেন ৩০০ টাকায়।

শনিবার বিকেলে ইজতেমা ময়দানে ঢোকার ২ নং গেটের পাশেই ব্লেজারের দোকান খুলে বসেছেন এ ব্যবসায়ী। দোকান ঘর নির্মাণ করতে গিয়ে বাঁশের সংকটে পড়েন তিনি। মাত্র ৭ ফিট বাঁশ তাকে কিনতে হয় ৩০০ টাকায়।

এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যবসায়ীরা লাভের মুখ না দেখলেও ব্যাপক ব্যবসা করছেন বাঁশ ব্যবসায়ীরা। সরবরাহ কম হওয়ায় বাধ্য হয়েই আগুন দামে বাঁশ কিনতে হচ্ছে মুসল্লি কিংবা অন্য ব্যবসায়ীদের।

ব্লেজার ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘ব্লেজার সাজানোর সুবিধার্থে বাঁশ কিনেছি। অবিশ্বাস্য হলেও সত্য যে, ৭ ফিট বাঁশ ৩০০ টাকা দাম দিয়ে কিনতে হলো কাল।’

আবদুল রশিদ নামে এক মুসল্লি জানান, খিত্তায় রান্নার জন্য শুকনা বাঁশ কিনতে গিয়ে ফিরে এসেছি। আকাশছোঁয়া দাম চাওয়ায় আর কেনা হয়নি। তবে এ বিষয়ে কোনো বাঁশ বিক্রেতার বক্তব্য মেলেনি।

বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে এসপি হারুন অর-রশিদ জাগো নিউজকে বলেন, ‘ইজতেমা উপলক্ষে একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী আগুন দাম নিচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। অনেক বাসে বেশি ভাড়া নেয়া হচ্ছে। আমরা এসব দেখভালের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’

জেইউ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।