দুর্যোগ সহনশীল সমাজ গঠনে রাষ্ট্রপতির আহ্বান
দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে এ আহবান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
“দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫’ উদ্যাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এ দেশের জনজীবনে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা।
ভূবিজ্ঞানীদের মতে বাংলাদেশ সিসমিক জোনে অবস্থিত হওয়ায় এদেশে বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে মো. আবদুল হামিদ বলেন, এ প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫’ উদযাপন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ খুবই বাস্তবধর্মী ও সময়োপযোগী হয়েছে। এ প্রতিপাদ্যের আলোকে কার্যক্রম গ্রহণের মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠীকে সচেতন ও প্রস্তুত করতে পারলে যে কোন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলেও আমি মনে করি।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সরকারি ও বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটির সমন্বয়ে দিবসের প্রতিপাদ্য অনুযায়ী দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি ও জরুরি সাড়াদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সকলে সচেষ্ট থাকবেন বলে আমার বিশ্বাস।
তিনি ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
আরএস/পিআর