অনুমতি পাননি আইনজীবীরা, দেখা করতে পরিবারকে চিঠি
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। রিভিউয়ে মৃত্যদণ্ড বহাল থাকা কামারুজ্জামানের সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে তার পরিবারকে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
সোমবার কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুপুর ১টায় ডেপুটি জেলার তাদেরকে ফোন করে বলেছিলেন যে, তারা (পরিবার) চাইলে দেখা করতে পারেন।
এদিকে কামারুজ্জামানের সাথে দেখা করার জন্য তার আইনজীবীরা অনুমতি চাইলেও তাদের অনুমতি মেলেনি। সোমবার বেলা ১১টায় কারা কর্তৃপক্ষের কাছে আইনজীবীরা কামারুজ্জামানের সাথে সাক্ষাতের জন্য একটি আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কামারুজ্জামানের সাথে আইনজীবীদের সাক্ষাতের কোনো সুযোগ নেই। কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিধানের সুযোগ সবাই নিতে পারে। আমরা এ বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি চেয়েছিলাম।
প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান কয়েক ঘণ্টা সময় পাবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আইন না জেনেই এ কথা বলেছেন। আইন অনুযায়ী এক সপ্তাহ সময় পাবেন মোহাম্মদ কামারুজ্জামান।
তবে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা এখন সরকারের বিষয় বলেও জানান তিনি।
জেইউ/আরএস/আরআইপি