কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহালে বিশিষ্টজনদের সন্তোষ


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দন্ডিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ হওয়ায় দেশের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা এখন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

সোমবার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা সন্তোষ প্রকাশ করে এ দাবি জানান।

গত বছরের ৩ নভেম্বর এ আপিল বিভাগই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার ঘোষণা দেন।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ৪২ বছর ধরে এই মানবতাবিরোধী অপরাধীদের বিচার চেয়ে আসছেন দেশের মানুষ। প্রতিশোধের জন্য নয়, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের বিচার চাওয়া হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বিচার শুরু করেছিলেন, কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র তাঁকে সপরিবারে হত্যা করেন। তারপর থেকে ক্রমাগতভাবে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আসছেন দেশের মানুষ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এ বিচার কখনই হতো না। তার বলিষ্ট নেতৃত্বের কারণে দক্ষিণ এশিয়ায় এ ধরনের কার্যক্রম এই প্রথম হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক মামুন।

তিনি বলেন, কামরুজ্জামানের রায়ের রিভিউ আবেদন খারিজ সুনির্দিষ্ট ও যথার্থ হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় এখন শহীদরা শান্তিতে ঘুমাতে পারবেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো, সত্য কখনও মুছে যায় না। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় ও সত্যের জয় হয়েছে। ৭১’ সালে মানবতা লঙ্ঘন হয়েছিল, এ রায়ের মাধ্যমে সেই মানবতা লঙ্ঘনকারীদের শাস্তি হয়েছে। এতে দেশে ন্যায় ও শান্তিও প্রতিষ্ঠিত হয়েছে।

রিভিউ আবেদন খারিজ যথার্থ হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর মাধ্যমে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের দাবি ও চাওয়া পূরণ হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বিলম্বে হলেও সত্যের জয় হয়েছে। অপশক্তি যতই ষড়যন্ত্র করুক, অপরাধ করলে যে শাস্তি পেতে হয়, তা আবারও প্রমাণ হয়েছে। তিনি রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ায় গণজাগরণ মঞ্চও উচ্ছাস ও সন্তোষ প্রকাশ করেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের একাংশের নেতা ইমরান এইচ সরকার বলেন, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ রায়ের প্রত্যাশায় মঞ্চ দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছে।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় গণজাগরণ মঞ্চ মনে করে জাতি যথার্থ বিচার পেয়েছে।

অবিলম্বে এই রায় কার্যকর করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মঞ্চের মুখপাত্র।

কামারুজ্জামানের রিভিউ অবেদন খারিজ হওয়ায় বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম সন্তোষ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় এক বিবৃতিতে বলেন, কুখ্যাত রাজাকার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় আইনের শাসন যেমন সুদৃঢ় হয়েছে- তেমনি জয় হয়েছে সত্যের। জয় হয়েছে উদীয়মান তরুণ প্রজন্মের আশা-আকাঙ্খার।

এ রায় দ্রুত কার্যকর করারও জন্য সরকারের কাছে দাবিও জানান তিনি।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একে /আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।