সুস্বাস্থ্যই পারে প্রকৃত সুখী করতে : রাষ্ট্রপতি


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

সুস্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। অর্থ, বিত্ত, বৈভব নয়; মূলত সুস্বাস্থ্যই পারে মানুষকে প্রকৃত সুখী করতে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে  সোমবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন। দিবসটি উপলক্ষে ‘নিরাপদ পুষ্টিকর খাবার : সুস্থ জীবনের অঙ্গীকার’ নির্বাচিত প্রতিপাদ্যকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে।

তিনি বলেন, সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সুবিধা বৃদ্ধি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। দেশের প্রান্তিক মানুষের কাছেও এর সুফল পৌঁছে গেছে। ফলে রোগ-ব্যাধির প্রকোপ কমেছে, মা ও শিশুমৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য ধরে রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি জটিল রোগের হাত থেকে রক্ষায় নিরাপদ ও পর্যাপ্ত পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যটি খুবই যথার্থ।

তিনি আরো বলেন, অনিরাপদ ও অপুষ্টিকর খাদ্য গ্রহণে অনেক সময় দীর্ঘমেয়াদি জটিল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়, যা জনস্বাস্থ্য উন্নয়নে বিরূপ প্রভাব পড়ে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা খুবই জরুরি।

রাষ্ট্রপতি বলেন, সরকার জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার আইনসহ ভেজাল রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হওয়াসহ ভেজাল খাবার পরিহার ও মানসম্পন্ন খাবার গ্রহণে উদ্বুদ্ধ হবেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।