দেশের ভূমি অফিসগুলো অরক্ষিত : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৬ এপ্রিল ২০১৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই দেশের ভূমি অফিসগুলোতে দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছে। তিনি ক্ষতিগ্রস্থ ভূমি অফিসগুলো দ্রুত সংস্কারসহ দ্রুত বিচার আইনের আওতায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের অফিসকক্ষে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের ভূমি অফিসে আগুন লাগিয়ে দলিল দস্তাবেজসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধণের প্রেক্ষিতে ভূমি অফিসসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তাকর্মী অঙ্গীভূত করা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ভূমি অফিসগুলো অরক্ষিত। ইউনিয়ন ভূমি অফিসের অনেকগুলো এখনো জরাজীর্ণ রয়েছে। তিনি জরাজীর্ণ অফিসগুলো সংস্কার ও নতুন পাকা ভবন দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ভূমি অফিসগুলোতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, দরিদ্র, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামসহ সকল ধর্ম-বর্ণ মতের মানুষের ভূমির মালিকদের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ থাকে। অথচ রাজনীতির নাম ঘোষণা দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে তারা তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভূমি অফিসে যারা আগুন দিয়েছে বা দিচ্ছে তাদের নিজেদের জমিসহ তাদের বাপ দাদার জমি সম্পত্তি ক্রোক করা হবে। তিনি আরও বলেন, কোনো আসামী পলাতক থাকলে তাদের সকল সম্পদ যেমন ক্রোক করা হয়, ঠিক অনুরূপ পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। ভূমি অফিসে আগুন লাগানো দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা দ্রুত বিচার আইনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ ভূমি, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।