৪৪ বছর পর সোহাগপুরে নববর্ষ পালিত হচ্ছে


প্রকাশিত: ০৪:০০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

আপনজনদের হারিয়ে দীর্ঘ ৪৪ বছর সোহাগপুর বিধবাপল্লীতে বাংলা নববর্ষ পালিত হয়নি। ঘাতক কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় ন্যায়বিচার পেয়ে বিধবাপল্লীতে ফিরে এসেছে স্বস্তি ও তৃপ্তির নিঃশ্বাস। তাই এবারই প্রথমবারের মতো বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিধবাপল্লী শহীদ স্বজন সমিতি।

পহেলা বৈশাখ বিধবাদের নববর্ষের শুভেচ্ছা জানাতে সীমান্তবর্তী এ গ্রামে আসছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃতে ৫০ সদস্যের একটি দল। এ নিয়ে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে সোহাগপুরে।

বিধবাপল্লী শহীদ স্বজন সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, পহেলা বৈশাখ সকালে বিধবা ও স্বজনরা শহীদের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করবেন। পরে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী তাদের পান্তা দিয়ে আপ্যায়িত করবে। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই বদর কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে সোহাগপুর গ্রামে ১৮৭ জন পুরুষকে হত্যা করা হয়। সেদিন ধর্ষণের শিকার হন অসংখ্য নারী। এরপর থেকে ওই গ্রামটির নাম হয় বিধবাপল্লী।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।