বিশ্ব ব্যাংক কর্মকর্তার সঙ্গে স্পিকারের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এনেটি ডিকসন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দফতরে সাক্ষাত করেন। সোমবার সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সাক্ষাতকালে স্পিকার বলেন, সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে। উন্নয়নকে টেকসই রূপদানে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে।

এছাড়া এমডিজি’র পরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে তিনি বিশ্বব্যাংক ও আইএমএফসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এনেটি ডিকসন বলেন, উন্নয়নমূলক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে।

এ সময় তারা বাজেট বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরি, নারী নেতৃত্বকে এগিয়ে নেয়াসহ টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় আলোচনা করেন। এছাড়াও সরকারি হিসাব কমিটিসহ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে আলোচনা হয়। জাতীয় সংসদে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এসপিও প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় স্পিকার বলেন, স্থায়ী কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভূমিকা রাখছে এবং সংসদীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকাকে আরও জোরদার করছে এবং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করছে। সাক্ষাতকালে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।-বাসস

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।