১৪ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর
শিল্পী মাত্রই বৈশাখের পূজারী
শিল্পী মনন মাত্রই সুন্দরের পূজারী, তাই বলে কিন্তু অসুন্দর উপেক্ষিত নয়। ভালোবাসা আবেগ অনুভূতি সম্পন্ন মানুষেরা শিল্পীর চোখে দেখেন সবকিছু। ব্যস্ততার কারণে বোঝা না গেলেও উপলক্ষ মাত্রই শুভ ও অশুভ পাশাপাশি আসে সমান্তরালে। বৈশাখ যেন এমনই মোক্ষম উপলক্ষ। আর বৈশাখ আগমনও যেন একই উদ্দেশ্যে।
জাতপাত আর অসুন্দরের বালাই নেই। যারও ব্যস্ততা সেও প্রিয় মানুষটির হাত ধরে বেড়িয়ে পড়েছেন আজ রাজধানীর কোলাহলে। সবাই দেশীয় সাজে সেজে পান্তা ইলিশে মুখে গুজে বেড়িয়েছেন।
যার ঘরেও বা ইলিশের কদর নেই সক্ষমতার অভাবে, সেও কিন্তু কম যাচ্ছেন না। পোড়া মরিচের বারুদ ঝালের স্বাদে পান্তা খেয়ে বেড়িয়েছেন বউ কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে।
সুন্দর একটি বছর কামনা প্রধানমন্ত্রীর
বাংলা নববর্ষকে শুভরূপে বরণ করে নিয়ে দেশের মানুষের যেন সুন্দর একটি বছর কাটে সে কামনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।
সিটিতে ‘নীরব বিপ্লব’ ঘটাতে বললেন খালেদা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে ‘নীরব বিপ্লব’ ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে দল-সমর্থিত তিন মেয়র পদপ্রার্থীর জন্য ভোট চাওয়ার পাশাপাশি এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকাবাসীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনারা বাস ও মগ মার্কায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবেন।
খারাপ রাজনীতির মধ্যে আছি : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন , বর্তমানে খারাপ রাজনীতির মধ্যে আছি, অসুস্থ রাজনীতি বিরাজ করছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পোড়াচ্ছে, আরেক দল ক্ষমতায় টিকে থাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। জনজীবনের নিরাপত্তা নেই, রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা নেই।
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির অয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগের দাবি জানান হুসেইন মুহম্মদ এরশাদ।
নববর্ষে সাঈদ খোকন ও আনিসুল হকের শুভেচ্ছা
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক। মঙ্গলবার নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা জানান। এছাড়া সিটি নির্বাচনে নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তারা।
রাজধানী জুড়ে বৈশাখী মেলা
বাঙালি চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ। মঙ্গলবার নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন, নতুন বছর ১৪২২ সাল। এ ঐতিহ্য ধারণ করতে রাজধানীর অলি-গলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিস্তর খোলা মাঠ ও পরিসরগুলো পরিণত হয়েছে বৈশাখী মেলায়। গোটা নগরবাসী মেতে ওঠেছে বাঙালি সংস্কৃতির অনাবিল আনন্দের মুক্ত ধারার স্রোতে।
উৎসব মুখর পরিবেশে ঢাবিতে বর্ষবরণ
এসো হে বৈশাখ এসো এসো/তাপস নিঃশ্বাস বায়ে/মুমূর্ষুরে দাও উড়ায়ে/বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় গানটি যেন এখনো চারদিকে বাজছে। পুরাতন বছরের গ্লানিকে মুছে ফেলে নতুন বছরকে গ্রহণ করছে সকলে আনন্দ, উচ্ছ্বাস আর ভালবাসার চিত্তে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই দিনটিকে কেন্দ্র করে সারাদেশে চলছে নানান আয়োজন। তারই অংশ হিসেবে সাংস্কৃতির বলয় কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করে অন্যরকম এক আবহ। এ উৎসবের অন্যতম একটি অংশ মঙ্গল শোভাযাত্রা। ইতোমধ্যে শেষ হয়েছে সেই শোভাযাত্রা।
ম্যাক্স কোলার সৌজন্যে বৈশাখী উৎসবে খুলনাবাসী
জীর্ণতা ও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে প্রাণের উচ্ছাসে মেতেছেন খুলনাবাসী। ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটেছে শুভ কামনায়। দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন খুলনা নগরবাসী। এই শপথ আর উদ্দীপনাকে আরো জোরালো করেছে ম্যাক্স কোলা।
মঙ্গলবার বৈশাখের সকালে নগরীর শান্তিধাম মোড় এলাকায় জাতিসংঘ শিশুপার্কে ম্যাক্স কোলার সৌজন্যে এবং আব্বাসউদ্দীন একাডেমির উদ্যোগে শুরু হয় দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান।
একে/আরআই