২০ এপ্রিল থেকে দেয়া হবে সৌদি ভিসা


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৫ এপ্রিল ২০১৫

বাংলাদেশি গৃহকর্মীদের জন্য ২০ এপ্রিল থেকে ভিসা দিতে শুরু করবে সৌদি আরব। সোমবার দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়। সৌদি আরবের উপ-শ্রমমন্ত্রী আহমেদ আল-ফাহাইদ বলেছেন, গত মাসে দুই দেশের সরকারের মধ্যে চুক্তির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আল-ফাহাইদ এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় ওই চুক্তি সই করেছিলেন।

আল-ফাহাইদ বলেন, এটি একটি সমন্বিত চুক্তি, যাতে মালিক ও শ্রমিক উভয়ের অধিকার রক্ষিত হয়েছে। বাংলাদেশের কর্মীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়া চলবে না এবং পেশাগত প্রশিক্ষণ থাকতে হবে।

এ ছাড়া সৌদি আরবের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ এবং শ্রম আইন সম্পর্কে কর্মীদের অবশ্যই সচেতন হতে হবে বলে উপমন্ত্রী উল্লেখ করেন।

উল্লেখ্য, বর্তমানে সৌদি আরবে প্রায় ১২ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে ২০০৮ সাল থেকে আরোপ করা নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছে দেশটি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।