নিখোঁজের অভিযোগ না থাকলেও অভিযান চলবে : জেলা প্রশাসক
ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন বলেছেন, স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। খোঁজ নেয়া হচ্ছে আরও কোনো মিসিং (নিখোঁজ) রয়েছে কি-না। যদি নাও থাকে তবুও সাবধানতার জন্য আরও কিছু সময় তল্লাশি চালানো হবে।
রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার ঝিলপাড়ে দেবে যাওয়া টিনসেড বাড়ি পরিদর্শনে এসে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ডুবুরিরা এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, অনেক রেস্কিউ অভিযান এটা। অভিযান পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। জানা গেছে এটা একটা খাস জমি। জমিটির মালিকানা খোঁজা হচ্ছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ঢাকা সিটি কর্পোরেশনে এ ধরনের অবৈধ আবাসন উচ্ছেদে জেলা প্রশাসন কি কোনো অভিযান চালাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, অবৈধ আবাসন ও নিয়ম বহির্ভূতভাবে যেসব আবাসন তৈরি করা হয়েছে এবং এখনো হচ্ছে সেসব ভবন ও আবাসন উচ্ছেদে কাজ করছে জেলা প্রশাসন।
তিনি বলেন, গত ৬ মাসে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার অবৈধ আবাসন উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের আরও যেসব স্থানে ঝুকিপূর্ণ পরিবেশে আবাসন গড়ে তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব কিছু খতিয়ে দেখছে। অবৈধভাবে যে বাড়িটি নির্মাণ করা হয়েছিল তার জমির দলিল খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই জমির মালিক কারা নির্মাণ করে ভাড়া দিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন আরও জানান, সর্বশেষ ১২ জনের মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারকে মরদেহ সৎকার ও যাতায়াত বাবদ খরচ বহনের জন্য ২০ হাজার করে টাকা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
জেইউ/বিএ/পিআর