ইয়েমেন থেকে ভারতের পথে ৩৩৭ বাংলাদেশি
ইয়েমেন থেকে উদ্ধারের পর আরও পাঁচ বাংলাদেশি বুধবার জিবুতি হয়ে ঢাকায় পৌঁছেছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে ভারতীয় বিমানযোগে তাদের উদ্ধার করা হয়েছিল। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেনা টিকিটে জেট এয়ারওয়েজ ফ্লাইটে দুপুরে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব গৌতম কুমার দে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এর আগে গত সপ্তাহে ২০ জনের বেশি বাংলাদেশি ঢাকায় ফেরেন।
এদিকে ইয়েমেন থেকে উদ্ধার হওয়া আরও ৩৩৭ জন বাংলাদেশি এখন ভারতের দুটি যাত্রীবাহী জাহাজে কেরালার পথে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় নৌবাহিনীর জাহাজে (আইএনএস) করে ইয়েমেনের সানা, হোদেইদা ও এডেন শহর থেকে উদ্ধার করা হয়েছিল এসব বাংলাদেশিকে। বাংলাদেশে প্রত্যাবাসনের অংশ হিসেবে এমভি কোরাল্স নামে একটি জাহাজে ২৭২ জন এবং এমভি কাভারাটিরট নামে আরেকটি জাহাজে ৬৫ জন বাংলাদেশি জিবুতি সময় গত রোববার সকাল ৫টায় রওনা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শনিবার সকালে ওই জাহাজ দুটির ভারতের কোচি সমুদ্রবন্দরে পৌঁছার কথা রয়েছে। তাদের ঢাকায় ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত মাসে রাজধানী সানা দখল করে নেওয়ার পর প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। তার সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী এডেনের আশপাশে হুথিদের অবস্থানগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে। সানায়ও হামলা চলছে।
ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি থাকতে পারে বলে সরকার ধারণা করছে। তবে তাদের বড় একটি অংশ ফিরে আসতে অনীহা প্রকাশ করেছেন।
বিএ/পিআর