যাত্রা শুরু হলো বিমান ডে-কেয়ার সেন্টারের


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

যাত্রা শুরু হলো বিমান প্রধান কার্যালয়ে নব-নির্মিত বিমান ডে-কেয়ার সেন্টারের। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এর শুভ উদ্বোধন করেন।

বিমানবন্দর এলাকায় কর্মরত বিমান মহিলা কর্মকর্তা-কর্মচারীদের শিশু ও নাবালক সন্তান-সন্ততিরা অফিস চলাকালীন সময়ে এই ডে-কেয়ার সেন্টার-এ থাকা ও প্রতিপালিত হওয়ার সুযোগ-সুবিধা পাবে। কর্মজীবি মায়েদের সন্তান-সন্ততিদের জন্য এই সুবিধার আয়োজন করা সংস্থার জন্য শ্রম আইনে আবশ্যিক।

বিমান ডে কেয়ার সেন্টার সম্পর্কে  বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন বলেন, আমরা এখন এমন এক প্রতিযোগিতামূলক যুগে বাস করছি যেখানে বাবা-মা উভয়েই পেশাগত কাজে যুক্ত এবং এক্ষেত্রে মানসম্পন্ন ডে কেয়ার সুবিধা এক আকাঙ্খিত সুযোগ। কারণ কোন বাবা-মাই তার ছোট্ট সোনামণির দেখভালের বিষয়টিতে ছাড় দিতে চান না।

তিনি আরও বলেন, কাজের সময় তাদের সন্তানদের লালন-পালন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে কর্মীদের একটি নির্ভার কর্মক্ষেত্র প্রদান করতে বিমান ডে কেয়ার সুবিধা চালু করেছে।

চেয়ারম্যান বলেন, বিমান প্রধান কার্যালয়ের কাছাকাছিই ডে কেয়ার সেন্টারের অবস্থান হওয়ায় কর্মীরা অফিসে আসার আগে সেখানে তাদের সন্তানদের রেখে এবং বিকাল যাওয়ার সময় তাদের নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এখানে পর্যাপ্ত  শিশু পরিচর্যাকর্মী ও শিক্ষকের উপস্থিতি শিশুদের যত্নের বিষয়ে নিয়ে অভিভাবকদের নিশ্চিন্ত রাখবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন ‘ডে-কেয়ার সেন্টার-টি নির্মানের জন্য বিমান ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ (অবঃ), বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়েল হেয়্যূড, বিমান সিবিএ-র সভাপতি মশিকুর রহমান, সাধারণ সম্পাদক মন্তাছার রহমানসহ বিমানের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।