১৬ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৬ অাগস্ট থেকে শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে সংশ্লিষ্ট এয়ার লাইন্সসমূহের প্রস্ততি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

বাংলাদেশকে অনুসরণ করতে পারে পাকিস্তান

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বলেছেন, অনেক বিষয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পারে পাকিস্তান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন পাকিস্তানের হাইকমিশনার।

যেভাবে উত্থান রামপুরা ট্রাজেডির হোতা মনিরের

রামপুরা ট্রাজেডির হোতা মনিরুজ্জামান চৌধুরীর অনিয়ম আর দুর্নীতির যেন শেষ নেই। দাপট দেখিয়ে খাস জমিতে ঘর তৈরি করে ১২ জনের প্রাণহানিই শেষ নয়। মনিরের বিরুদ্ধে মাদক ব্যবসা থেকে শুরু করে এলাকার সব অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি তার আয়ের বড় উৎস। তবে সম্প্রতি নতুনভাবে শুরু করেছে ভূমি দখলের অবৈধ বাণিজ্য।

পুরুষেরও শ্লীলতাহানি হতে পারে : তসলিমা নাসরিন

নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীকে যৌন হয়রানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন অবশ্য বলছেন ভিন্ন কথা।

ছিটমহল বিনিময় শিগগিরই : মমতা

ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ১৩ এপ্রিল কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মমতা এ কথা বলেছেন। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা  জানানো হয়েছে।

চসিক নির্বাচনে আবারো চাঙ্গা আওয়ামী লীগের গ্রুপিং

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে আবারো বিভক্ত হয়ে পড়েছে নগর আওয়ামী লীগের রাজনীতি। মাঠের চিত্রে মেয়র প্রার্থী নিয়ে শীর্ষ নেতারা এক মঞ্চে বসলেও বাস্তবতা ভিন্ন। মূলত কেন্দ্রের দোহাই দিয়ে এমপি লতিফের ১০টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণ নিয়ে আবারো চাঙ্গা হলো দলীয় গ্রুপিং।

রামপুরা ট্রাজেডি : উদ্ধার অভিযান চলবে, তবে সীমিত

রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় টিনসেড বাড়িটি দেবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান আগামীকাল (শুক্রবার) পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রামপুরা জোনের এডিসি রেভিনিউ আবুল ফজল মীর। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্ষবরণে ঢাবিতে যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টের রুল

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড গড়লো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার রাত ৯টার দিকে ৭ হাজার ৫৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড স্পর্শ করে পিডিবি। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এমআরপি ইস্যুতে মাইল ফলক

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ইস্যুতে মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে এমআরপি প্রকল্পের পরিচালক শিহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, আমরা এক কোটির নতুন মাইল ফলক ছুঁয়েছি।

বিজিবি মাঠে থাকবে : মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জোনারেল আজিজ আহমেদ বলেন, এতদিন যারা দেশের বিভিন্ন জায়গায় পেট্রলবোমা হামলা চালিয়ে নাশকতা করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে। সেইসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।

নকশা অনুমোদনে অনিয়ম : ১৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

সরকারি বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন করায় সরকারের প্রায় দেড়শো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। রাজধানীর পল্টন, সিদ্ধেশ্বরী ও রমনা এলাকায় সরকারি বিধি উপেক্ষা করে নয় তলার পরিবর্তে ১৮ তলা এবং ছয় তলার পরিবর্তে ১৬ তলা নির্মাণ করে ক্ষতি হয়। এ বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ সত্ত্বেও অনিয়মের সঙ্গে জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

গণতন্ত্র সুরক্ষায় জঙ্গিবাদ বিতাড়ন করুন : ইনু

সামাজিক যোগাযোগের জন্য যেমন কণ্ঠস্বরের সুরক্ষা প্রয়োজন, তেমনি গণতন্ত্রের সুরক্ষায় প্রয়োজন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিতাড়ন করা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন সম্মেলন কক্ষে বিশ্বকণ্ঠ দিবস উপলক্ষে এসোসিয়েশন অব ফোনোসার্জনস অব বাংলাদেশ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সরকারের চলতি মেয়াদেই হাইটেক পার্কের পূর্ণাঙ্গ কাঠামো

বর্তমান সরকারের চলতি মেয়াদেই অর্থাৎ আগামী চার বছরের মধ্যেই হাইটেক পার্কের অবকাঠামো একটি পূর্ণাঙ্গ কাঠামো হিসেবে দাঁড়িয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন সাপোর্ট-২ ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্কের আন্তঃব্লক সংযোগকারী অভ্যন্তরীণ রাস্তা এবং সড়কবাতি নির্মাণকাজ উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

একটিতে জামিন পেলেন ফখরুল, তিন মামলায় রুল

রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ী পোড়ানো সংক্রান্ত একটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তরায় খালেদা জিয়া : খাদ্যমন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অন্তরায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রামপুরা ট্রাজেডি : বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে এবং বাড়িটি দেবে গিয়ে ১২ জনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে বলে জানিয়েছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া।

স্পেনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিকমিউনিকেশন, আইসিটি এবং জাহাজ তৈরি খাতে স্পেনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ক্যাকন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশে হাসপাতাল নির্মাণে আগ্রহী ইরান

বাংলাদেশে একটি অত্যাধুনিক মানের রেড ক্রিসেন্ট হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রয়োজনীয় জমি বরাদ্দ পেলে তারা শিগগিরই এর কাজ শুরু করতে চায় দেশটি। বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চিকিৎসা শিক্ষা সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্যেও দেশটি আগ্রহ দেখিয়েছে।

শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস

আগামীকাল ১৭ এপ্রিল, শুক্রবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে জাতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য এক দিবস। ১৯৭১ সালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।

অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সমান প্রয়োগ প্রয়োজন : বিজিএমইএ

পোশাক খাতে সমান অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, সব দেশে অ্যাকর্ড-অ্যালায়েন্সের সমান প্রয়োগ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বিজিএমএ’র সম্মেলন কক্ষে নারী শ্রমিকের নবজাত শিশুদের পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ শিল্পের কর্মরত প্রসূতি মা`দের মাতৃদুগ্ধ পানে দক্ষতা বাড়াতে এক সমঝোতা স্বারক স্বাক্ষার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।