করের আওতায় আসছে শিক্ষাপ্রতিষ্ঠান


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৯ এপ্রিল ২০১৫

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে করের আওতায় আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এমপিওভুক্ত বা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের অর্থে ক্রীত সঞ্চয় পত্রের ওপর প্রাপ্ত ও অর্জিত মুনাফার ওপর ১০ শতাংশ হারে আয়কর পরিশোধে আইন হতে যাচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টি কার্যকর করতে আয়কর আইন সংস্কারে নির্দেশ দিয়ে গত সপ্তাহে এনবিআরে চিঠি পাঠিয়েছেন। রাজস্ব আইনের এ ধারাটি আসছে ২০১৫-১৬ অর্থবছর থেকে কার্যকর হবে বলে এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআরে পাঠানো নির্দেশে বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০ শতাংশ হারে আয়করের আওতায় আনতে আয়কর আইন ১৯৮৪ সালের ধারা ৫৩ এফ এর বিধি ১৭ এইচ এর সংশোধন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি কারিকুলামে পাঠদান করে ও সরকারি নীতিমালা অনুযায়ী গঠিত পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয় তাদের ১০ শতাংশ আয়কর পরিশোধ করতে হবে। আইন সংশোধনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ শতাংশ হারে আয়কর আদায় করা হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ, কলেজ, অন্যান্য কলেজ, মেডিক্যাল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, কৃষি ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কলেজ ইনস্টিটিউশন নতুন এ আইনের আওতায় আসবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।