বাংলাদেশ-ভারত বইমেলা জুনে


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ এপ্রিল ২০১৫

এ বছরের জুন মাসে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত বইমেলা। এ বইমেলার জন্য প্রাথমিকভাবে জুনের প্রথম সপ্তাহকে বেছে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণগ্রন্থাগার অধিদফতরের মহাপিরচালক মো. হাফিজুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, বই জ্ঞানের বাহন। একটি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতায় বইমেলা আয়োজনসহ নানবিধ কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে এবছর  রংপুর, বরিশাল ও কুমিল্লা বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল যশোরে খুলনা বিভাগীয় বইমেলার আয়োজন করা হচ্ছে।

ধারাবাহিকতায় অন্যান্য বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতেও বইমেলার আয়োজন করা হবে। আয়োজিত বইমেলাগুলোতে স্থানীয় প্রকাশনা সংস্থার পাশাপাশি ঢাকা থেকে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো অংশ নেয়ায় তা খুব সফল হয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

আসাদুজ্জামান নূর বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দু’দেশ একে অপরের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জুনে অনুষ্ঠেয় এ বইমেলা দেশ দু’টির মধ্যে সংস্কৃতি বিনময়ের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে এবং এ প্রক্রিয়ায় বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে বলে তিনি আশা পোষণ করেন।

বাংলাদেশ-ভারত বইমেলার সফল আয়োজনের লক্ষ্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে আহ্বায়ক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দেকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ মেলায় বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।