আশুলিয়ায় ব্যাংক ডাকাতি : বাড়তে পারে মৃতের সংখ্যা
সাভারের আশুলিয়া কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে (বিসিবিএল) ডাকাতির ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এনাম হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শামিমুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, ঘটনাস্থলেই গুলি ও বোমার আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এরপর হাসপাতালে আনার পর আরো ৫ জনের মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় প্রায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে আইসিইউতে (ইনসেন্টিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাভারের আশুলিয়া কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে দুপুরের খাবারের বিরতির সময় একদল ডাকাত হামলা চালায়। এসময় ডাকাত দল ব্যাংকের ভেতরে প্রবেশ করে এলোপাতারি গুলি চালায় এবং ককটেল নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ব্যাংক ম্যানেজার অলিউল্লাহ (৪০), নিরাপত্তাকর্মী বদরুল আলম (৩৮), মুদি দোকানদার মনির হোসেন, কাপড় ব্যবসায়ী জমির উদ্দীন, পলাশ ও ওয়ার্কশপ মালিক জিল্লুর। এদের মধ্যে পলাশের বাড়ি ঝিনাইদহ জেলায়। নিহত বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এমএএস/আরআইপি