চিকিৎসক ও রোগীর পারস্পরিক সমঝোতা প্রয়োজন : উপাচার্য
চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক সমঝোতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য ডা. কামরুল হাসান খান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত বিএসএমএমইউ’র বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেছেন, চিকিৎসক ও রোগীর মধ্যে সমন্বয় সাধন করলে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশের উন্নয়ন সম্ভব। এছাড়া সেবার মনোভাব নিয়ে চিকিৎসা করলে রোগী ও চিকিৎসকের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকবে এবং চিকিৎসা আরও সহজ ও উন্নত হবে।
চিকিৎসা ও মেডিকেল শিক্ষা ব্যবস্থা উন্নতমানের হলে সুস্বাস্থ্য গঠনে ভবিষ্যৎ চিকিৎসকরা আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে উল্লেখ করে ডা. কামরুল হাসান খান বলেন, এতে সেবার মান বৃদ্ধির পাশাপাশি দেশের সাধারণ জনগণ উপকৃত হবে।
স্বাধীনতার পর দেশের চিকিৎসাখাত অনেক এগিয়েছে উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ৫ থেকে ৬ হাজার রোগী হাসপাতালের আউটডোরে প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং গতবছর দেশের বিভিন্নস্থান থেকে আগত প্রায় ৩০ হাজার নানা রোগে আক্রান্ত রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন।
আগত রোগীর নিরাপত্তাবিধানসহ উন্নতমানের চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্টদের সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান উপাচার্য।
তিনি বলেন, হাসপাতালকে বিশ্বমানের করে গড়ে তুলতে গবেষণার মান বৃদ্ধির পাশাপাশি ৫২৫ কোটি টাকা বাজেটে পরিকল্পিতভাবে ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ৩১টি নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু, ৩০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) চালুর পাশাপাশি বার্ন ইউনিট ও আইসিইউ সিট বৃদ্ধি করা হয়েছে।
মতবিনিময় সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্ সিকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক, অনলাইন ও সংবাদ সংস্থার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একে/আরআই