৬ লাখ টাকার জন্য ঝরে গেল ৮ প্রাণ
বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভার শাখায় দিনে দুপুরে হামলা চালিয়ে ছয় লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে তারা এই টাকা লুট করে বেরিয়ে যায়। আর এ ঘটনায় চলে গেলো ৮টি তাজা প্রাণ।
তবে সবার তৎপরতার কারণে এবং পাশে মসজিদে ঘোষণা দিয়ে ডাকাতের আক্রমণের বিষয়টি প্রচার করায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ চলে আসায় টাকা নিয়ে পালাতে পারেনি ডাকাতদল।
ঘটনাস্থল থেকে এ কথা জানালেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক মোহাম্মদ সোহেল।
তিনি বলেন, আমরা খুবই ব্যথিত এ ঘটনায়। ব্যাংকিং ইতিহাসের জন্যও কলঙ্ক। আমাদের নিরাপত্তার কোনো ক্রুটি ছিল না। দুইজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী এবং একজন সাধারণ নিরাপত্তা কর্মী ছিল। তারপরও এমন ঘটনা।
এমডি বলেন, ডাকাতরা ভল্টে যাননি। তারা ক্যাশ কাউন্টার থেকে অর্থ লুট করে পালানোর চেষ্টা করে। ক্ষতিগ্রস্তরা ব্যাংকের নিয়ম মোতাবেক আর্থিক সুবিধা পাবেন বলেও জানান এমডি। তিনি বলেন, এছাড়া আমরা বোর্ডে আলোচনা করে নিহতদের পরিবারের জন্য কী করা যায় সেটি দেখব।
জানা গেছে, ঘটনার পরপরই ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, এমডি, ডিএমডিসহ ঢাকা অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে।
এসএ/বিএ/আরআইপি/ এমএএস