বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ ২০ মে


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশ বার কাউন্সিলের ১৪টি সদস্য পদে নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ৯ এপ্রিল এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।

১৪টি সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৪ জন সদস্যের মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে ৭ জন নির্বাচিত হবেন। সাধারণ আসনে ৭ জন সদস্যের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির ৭টি সদস্য পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭টি অঞ্চল হলো- গ্রুপ-এ : সাবেক বৃহত্তর ঢাকা জেলার সকল আইনজীবী সমিতি এখানে ৪ জন প্রার্থী, গ্রুপ-বি : বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি এখানে ৩ জন প্রার্থী, গ্রুপ-সি : বৃহত্তর চট্রগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতি-এখানে ৩ জন প্রার্থী, গ্রুপ-ডি: বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতি- এখানে ৫ জন প্রার্থী, গ্রুপ-এফ- বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৩ জন প্রার্থী, গ্রুপ-এইচ : বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৪ জন প্রার্থী এবং গ্রুপ-জি : বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতি-এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনজীবীদের সনদসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। প্রতি তিন বছর পর পর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২০ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোট কেন্দ্র, দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোট কেন্দ্র এবং বাজিতপুরসহ দেশের ১২ উপজেলা পর্যায়ে দেওয়ানি আদালত অঙ্গনের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্বাক্ষরিত বার কাউন্সিলের এ সাধারণ নির্বাচনের তফসিল গত ২৫ মার্চ ঘোষণা করা হয়। বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বাকি ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন।

অ্যাটর্নি জেনারেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সংক্রান্ত আপত্তি শুনানির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন সিনিয়র অ্যাডভোকেট বিচারপতি হাবিবুল ইসলাম ভূইয়া। অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান ও অ্যাডভোকেট মো. মোস্তফাকে এ ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে।

সাধারণ আসনে ৭ জন সদস্যের পদে ইতোমধ্যে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সংগঠন সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও তাদের সমমনা আইনজীবীদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তাদের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এছাড়াও উভয় প্যানেল ৭টি আঞ্চলিক সদস্য পদেও তাদের প্রার্থীতা প্রকাশ করেছে। এছাড়াও আরো প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা হলেন- সিনিয়র আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট এসএম রেজাউল করিম, অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট পিসি গুহ। রোববার অ্যাডভোকেট এসএম রেজাউল করিম এ কথা জানান।

সাধারণ আসনে ৭টি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বোরহানউদ্দিন ও অ্যাডভোকেট মহসিন মিয়া। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এ কথা জানান।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।