ডিএমপি কমিশনার

রাজধানীতে আরও ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৮ মে ২০২৬
খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার/ছবি: সংগৃহীত

রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, এই চারটি থানার মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। বাকি তিনটি স্থাপনেরও কাজ চলছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এ কথা বলেন।

পুলিশের আবাসন ব্যবস্থাসহ থানা ও ফাঁড়ি তৈরির কার্যক্রম তুলে ধরে মো. সরওয়ার বলেন, ‘গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনব্যবস্থা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের এক হাজার ৬০০ ও ডেমরা পুলিশ লাইনে এক হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইনসে ২০ তলা একটি ব্যারাক আছে, যা আমরা গত মাসে উদ্বোধন করেছি। এতে ছয়তলা পর্যন্ত ব্যারাকে দুই হাজার ২০০ ফোর্স থাকবে। পূর্বাচলে ২০ তলা একটি ভবন আছে পুলিশ সদর দপ্তরের। ওইখানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকছে ৮০০ থেকে ৯০০।’

‘এরপর দিয়াবাড়িতে পুলিশ লাইনস আছে ১০ একর জায়গায়। ওইখানেও ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগির নিয়ে যাব। এই ১০ একর জায়গায় আবাসন বর্ধিত করছি। বসিলা পুলিশ লাইনসে আগে তেমন কিছু ছিল না। গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইনসে ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনসে তা ভিড়পূর্ণ, সেটা আমরা স্থানান্তর করে নিয়ে যাচ্ছি, স্থানান্তরের কাজ চলছে। ওইখানে ১৫০ থেকে ২০০ পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপির একটি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে। এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে। ওটার কাজ চলছে। আর চতুর্থ হলো, বসিলাকে পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমাদের আবাসন বৃদ্ধি করছি,’ যোগ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আরও পড়ুন
জনগণের নিরাপত্তার জন্য পুলিশ ফাড়িঁ অত্যন্ত জরুরি: আইজিপি
মোটরসাইকেল কিনতে বিনা সুদে ঋণ দাবি, চায় এভিয়েশন-সাইবার ইউনিট

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় আরও দুটি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আরও শক্তিশালী করবো। রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাস করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি আমরা। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করবো।’

মো. সরওয়ার যোগ করেন, ‘খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করবো। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।’

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।