রোববারও রাজধানীতে হেলে পড়েছে ৬টি ভবন


প্রকাশিত: ১২:১০ পিএম, ২৬ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

২৪ ঘণ্টার মধ্যে আবারও দেশজুড়ে দু’দফা প্রচণ্ড ভূ-কম্পন অনুভূত হয়েছে। রোববার ভূমিকম্পে রাজধানীতে আরও ছয়টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।

রোববার সোয়া ১টার দিকে ভূ-কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে এ ভূ-কম্পন। পুরান ঢাকার ওয়ারী জামে মসজিদের উল্টো দিকে দুপুরে দুটি ভবন একটি অপরটির উপর হেলে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম। তিনি জানান, হেলে পড়া ভবনের মধ্যে একটি সাদা ও একটি লাল ভবন। আতঙ্কে ওই ভবনগুলোর বাসিন্দারা রাস্তায় নেমে এসেছে।

অন্যদিকে মতিঝিলে দুইটি বহুতল ভবন পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়েছে। রোববার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবন দু`টির মধ্যে একটি দৈনিক বাংলায় মোড়ে নির্মাণাধীন ভবন। অন্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশে সমবায় ব্যাংক ভবন।

দৈনিক বাংলার মোড়ে ডিআইটি অ্যাভিনিউ-এর পাশের একটি নির্মাণাধীন ভবন অগ্রণী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখার ভবনের ওপর হেলে পড়েছে। এসময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসেন। এছাড়া লালবাগ থানার পাশে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট পর্যবেক্ষণ করে চলে আসে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার নীলুফার ইয়াসমিন জানান, এ পর্যন্ত আমরা নয়টি স্থানে ভবন হেলে পড়ার সংবাদ পাই। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সংশ্লিষ্ট এলাকা ঘুরে এ ধরনের ঘটনার সত্যতা পাননি।

এর আগে গত শনিবার ভূমিকম্পে রাজধানীতে ১০টি ভবন হেলে পড়ে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার ভোজন কুমার সরকার জাগো নিউজকে নয়টি ভবন হেলে পড়ার কথা নিশ্চিত করেন। গত শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

# ভূমিকম্প : মতিঝিলে হেলে পড়েছে ২টি ভবন

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।