উপমহাদেশে আবারও ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

পরপর দু`দিন শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত নেপালসহ গোটা উপমহাদেশ। এর মধ্যে বিশেষজ্ঞরা শোনালেন আরও ভয়ঙ্কর সতর্কবার্তা। অদূর ভবিষ্যতে আবারও শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হতে হবে ভারত ও নেপালকে।

ভারতের অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দারাবাদের ন্যাশনাল জিওগ্রাফিক রিসার্চ ইন্সস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর হর্ষ কে গুপ্তা বলেছেন, এ অঞ্চলে ভূস্তরে পুঞ্জীভূত টানাপোড়েন রয়েই গেছে। আর এতে আরও বড়সড় ভূকম্পের সম্ভাবনা থাকছে। এমনও হতে পারে যে একাধিকবার কাঁপতে পারে ভারত-নেপালসহ উপমহাদেশ। সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮ ছাড়াতে পারে।

সংবাদমাধ্যমকে গুপ্তা বলেছেন, এই অঞ্চলের ভূস্তরে যে প্রচণ্ড শক্তি সঞ্চিত রয়েছে, তার ফলেই ভূকম্পে কেঁপেছে নেপাল ও প্রায় সমগ্র উত্তর ভারত। যদিও গতকালের ভূমিকম্পন ছিল সঞ্চিত শক্তির ৫ শতাংশ মাত্র। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূকম্পন ১০ গুণ বেশি শক্তিশালী। কিন্তু এর শক্তি ৮ মাত্রার তুলনায় ৩২ গুণ বেশি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুরের বিজ্ঞানী শঙ্কর কুমার নাথও বলেছেন, এই অঞ্চলে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূকম্পের সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ভাগ্যক্রমে এবার ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর ধ্বংসলীলা তুলনায় কম। কিন্তু তা ৯ মাত্রায় পৌঁছে গেলে ফলাফল হবে ভয়াবহ।

তিনি বলেছেন, ভূমিকম্পে যে শক্তি নির্গত হয় সেটাই সমস্যার কারণ। আর এতেই ধ্বংসের মাত্রা নির্ভর করে। ৭.৯ মাত্রার কম্পন ৪০ থেকে ৫০ বার হলে ৯ মাত্রার কম্পনের সম্ভাবনা কমতে পারে।

উল্লেখ্য, শনিবারের রিখটার স্কেলে ৭.৯ মাত্রা ভূকম্পে নেপাল ও ভারতসহ উপমহাদেশে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নেপাল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।