আবহাওয়ার সতর্ক বার্তা
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার আবহাওয়ার অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার ও আজ রোববার নেপালে রিখটার স্কেলে যথাক্রমে ৭ দশমিক ৯ ও ৬ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এ ভূ-কম্পনে বাংলাদেশসহ ভারত ও ভূটানেরও বেশ শক্তিশালীভাবেই ভূমিক্ম্প আঘাত আনে।
আবহাওয়া অধিদফতর জানায়, রোববার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূ-পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
আরএস/আরআই