শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট। তাদের ন্যায় বিচার নিশ্চিতে সম্ভাব্য সব কিছু করতে সরকার প্রস্তুত রয়েছে। বুধবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন কার্যালয় উদ্বোধনকালে আইনমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিচারের নামে শ্রমিকদের সঙ্গে প্রহসন মেনে নেয়া হবে না। বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় অত্যন্ত সচেতন। এর উদাহরণ স্বরুপ মন্ত্রী রানাপ্লাজা দুর্ঘটনা পরবর্তী সরকারি সহায়তা কার্যক্রমের কথা উল্লেখ করেন।
শিশুর সংজ্ঞা নিরূপণে দেশের বিভিন্ন আইনে বিভিন্ন বয়স উল্লেখের অসঙ্গতি দূর করে অচিরেই একটি সর্বজনগ্রাহ্য বয়স নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। রাজধানীতে বিদ্যমান তিন শ্রম আদালতের অতিরিক্ত হিসেবে বরিশাল, রংপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রম আদালত সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিচারপতি শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসএ/এএইচ/আরআই