২৯ এপ্রিল : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ভোট জালিয়াতির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রত্যাখ্যান
ভোট জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ভোট জালিয়াতির অভিযোগকারীদের হারের দিকে দৃষ্টি দিতে বলেছেন। বুধবার গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ : টিআইবি
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নজিরবিহীন কারচুপি, বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা প্রদান, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতা প্রতিহত করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সমান প্রতিযোগিতার ক্ষেত্রনির্ভর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় গভীর হতাশা ও উদ্বেগ ব্যক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সিটি নির্বাচন : ভোট কারচুপির অভিযোগ তদন্তে জাতিসংঘের তাগিদ
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান-কি মুন। মঙ্গলবার ওই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটে জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক।

কাউন্সিলর পদেও সরকার সমর্থিতদের জয়জয়কার
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।
তিন সিটির ১৩৪টি সাধারণ ওয়ার্ডের ৯৬টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আর দলের সমর্থন না পেয়েও নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন ১৮টি ওয়ার্ডে। এই হিসেবে ১১৪ ওয়ার্ডেই জয়ী ক্ষমতাসীন দলের নেতার।

নির্বাচন বিশ্বাসযোগ্য নয় : ইলেকশন ওয়ার্কিং গ্রুপ
অনিয়মের কারণে তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজিসি)। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইডব্লিউজিসি আয়োজিত ‘তিন সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক প্রাথমিক বিবৃতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক ড. মুহাম্মদ আব্দুল আলিম একথা জানান।

কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা
ঢাকার দু`টি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছির উদ্দীন জয়ী হয়েছেন। তিন সিটিতে অংশ নেওয়া বিএনপির সমর্থিত প্রার্থী ছাড়া সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিন সিটি কর্পোরেশেনে ৪২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে। কারণ তারা ১২ দশমিক ৫ শতাংশ করে ভোট পেতে ব্যর্থ হয়েছে।

খালেদার গাড়িবহরে হামলা : তদন্তে পুলিশের অনিহা!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা পাল্টাপাল্টি মামলার তদন্তে অনাগ্রহ দেখাচ্ছে পুলিশ। ঘটনার পর রাজধানীর দুই থানায় বিএনপির পক্ষে মামলা দায়েরের সপ্তাহ অতিবাহিত হলেও এর অগ্রগতি সম্পর্কে পুলিশের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা কার্যত নিরব রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে টেলিভিশনের ফুটেজ দেখে তদন্তের দাবি করা হলেও আসামীদের সনাক্তের কাজও আদৌও শুরু হয়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৪ বিলিয়ন
প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ছাড়ালো। বুধবার প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ এ নতুন রেকর্ড গড়লো। এর আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভের পরিমাণ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।

জুনে ঢাকায় আসছেন ধোনিরা
টাইগারদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ ও একটি মাত্র টেস্ট খেলতে আগামী জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার (২৯ এপ্রিল) রাতে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মালয়েশিয়ায় গতি পাচ্ছে এমআরপি
মালয়েশিয়ায় বসবাসরত প্রায় সাড়ে সাত লাখ প্রবাসী বাংলাদেশির হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তথা ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দেয়ার পথে একধাপ এগিয়েছে বাংলাদেশ দূতাবাস। এমআরপি পাসপোর্ট সেবাদানে পরিবর্তন আনার ফলে দুর্ভোগ কমবে প্রবাসী বাংলাদেশিদের।

শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট। তাদের ন্যায় বিচার নিশ্চিতে সম্ভাব্য সব কিছু করতে সরকার প্রস্তুত রয়েছে। বুধবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন কার্যালয় উদ্বোধনকালে আইনমন্ত্রী এ কথা বলেন।

হাইকোর্টের নির্দেশ ‘অমান্য’ করায় সচিবসহ ৭ জনকে নোটিশ
খাদ্যে ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহে হাইকোর্টের নির্দেশ ‘অমান্য’ করায় তিন সচিবসহ সাত কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নোটিশ প্রদানকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা আসছেন নিশা দেশাই
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসছেন বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিতব্য চতুর্থ অংশীদারিত্ব সংলাপে আন্ডার সেক্রেটারি শারম্যান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

হাফিজ-আজাহারে দ্বিতীয় দিন পাকিস্তানের
বাংলাদেশের করা ৩৩২ রানে জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাফিজের শতক আর আজাহারের অর্ধশতকে দ্বিতীয় দিনটা নিজের করে নিল পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২৪ রান। মোহাম্মদ হাফিজ ১৩৬ আর আজাহার আলী ৬৫  রান নিয়ে অপরাজিত আছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।