ঢাকা সেনানিবাসে একাধিক স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের আবাসন প্রকল্পসহ একাধিক স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী প্রথমে শহীদ মোস্তফা কামাল লাইনে সৈনিকদের জন্য নবনির্মিত আবাসিক এলাকা ‘নিসর্গ’ উদ্বোধন করেন। উদ্বোধনের পর ওই এলাকা ঘুরে দেখেন তিনি।
এরপর সরকার প্রধান ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নবনির্মিত আধুনিক অফিস ও সৈনিক লাইন উদ্বোধন করে ঘুরে দেখেন। ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নবনির্মিত আধুনিক অফিস ও সৈনিক লাইন উদ্বোধনের পর শেখ হাসিনা অফিসার, জেসিও এবং সৈনিকদের জন্য নির্মিত আবাসিক এলাকা ‘নির্ঝর’ উদ্বোধন করেন।
নির্ঝরে কর্মকর্তাদের জন্য তিনটি, জেসিওদের জন্য একটি, সৈনিকদের জন্য দুটি আবাসিক ভবন, ১১০ মিটার ডাবল ডেক ব্রিজ, স্টুডেন্ট হোস্টেল, রেস্ট হাউজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এবং ত্রিবেণী রেস্তোরাঁর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। নির্ঝর আবাসিক এলাকা উদ্বোধনের পর সেনা পরিবার বল্যাণ সমিতির নতুন কার্যালয় ‘সূর্যকন্যা’ উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাংসদ শেখ হেলাল উদ্দিন, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, নৌ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়াল অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মো. আবদুল কাদির, এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিএ/আরআই