দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ
ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তা মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে হুন্ডি ব্যবসাসহ নানা অনিয়ম-দুর্নীতির সুনির্দ্দিষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে সহিদুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন কমিটি সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। কিন্তু মন্ত্রণালয় বরাবরের মতো তদন্ত চলছে বলে জানায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর আগে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত কমিটির সপ্তম বৈঠকে বিষয়টি প্রথম আলোচনা হয়। ওই বৈঠকে তাকে ওয়াশিংটন দূতাবাস থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। কিন্তু গত চার মাসেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর প্রতিটি বৈঠকেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
জানা যায়, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের ব্যাক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন সহিদুল ইসলাম। কমিটিতে উত্থাপিত অভিযোগে বলা হয়, পিও মন্ত্রণালয়ের অনেক ছোটপদ হলেও এক সময়ে তার দাপটে অতিষ্ঠ ছিলো তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তখন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তিনি নানা সুবিধা গ্রহণ করতেন। এরপর দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসার অভিযোগ উঠে।
এছাড়া আরো জানা যায়, বরিশালের লোক হলেও নারায়ণগঞ্জের কোটায় চাকুরি নিয়েছেন তিনি। এ বিষয়ে বৈঠকে তথ্য-প্রমাণ উত্থাপন করেন কমিটির সদস্যরা।
এদিকে বৈঠকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় কর্মরত এবং বিভিন্ন প্রচার মাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতা অর্জনে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ প্রদান করছে। সর্বশেষ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম’ শীর্ষক কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা শেষে কমিটি তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও প্রচার মাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নতুন কোর্স চালুর সুপারিশ করেছে।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, সাইমুম সরওয়ার কমল ও তারানা হালিম অংশ নেন।
এইচএস/আরএস/পিআর