জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকবে সৌদি : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব। এ আশ্বাস দিয়েছেন সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ কমিটির প্রধান ড. আব্দুল্লাহ মউদ আল হারবি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

পবিত্র ওমরাহ্ পালন শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে একথা জানিয়েছেন ডেপুটি স্পিকার। সৌদি আরব সফরকালে গত ২৮ এপ্রিল সৌদি আরবের মজলিস ই সুরায় অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও সে দেশের এমপিদের সংগঠন সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠককালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদ্ণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতা যুদ্ধে শুধু বিরোধিতাই নয়, নির্বিচারে মানুষ হত্যা ও মানবতাবিরোধী অপরাধে তারা অভিযুক্ত। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাস্তির আদেশ দিয়েছে। সরকার আদালতের রায় কার্যকর করছে। সৌদি আরবে বিচার হলেও ওই অপরাধীদের একই শাস্তি হতো বলে তিনি দাবি করেন।

এ সময় ড. আব্দুল্লাহ ডেপুটি স্পিকারের সঙ্গে একমত পোষণ করেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে সৌদি সরকারের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় ডেপুটি স্পিকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও সৌদি সরকারের সমর্থন ও সহায়তা চান।

আলাপকালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির আহ্বান জানান। এ বিষয়ে ড. আবদুল্লাহ মউদ আল হারবি জানান, বাংলাদেশ হতে জনশক্তি আমদানির ক্ষেত্রে সৌদি সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রস্তাব সৌদি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এদিকে সৌদি আরবে অবস্থানকালে ডেপুটি স্পিকার সেখানকার বাংলাদেশিদের সুবিধার্থে মদিনা শরিফে একটি পাসপোর্ট অফিসের শুভ উদ্বোধন করেন। পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি গত ২৩ এপ্রিল সৌদি আরবে যান।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।