রাজধানীতে ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় হাফিজ (৩৫) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি হাফিজের আত্মীয় জাকির হোসেনের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাফিজ খিলগাঁওয়ে ফলের দোকান থেকে টাকা নিয়ে বাসাবো আহমেদনগরে নিজ বাসায় ফিরছিলেন। হাফিজ খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময়ে তারা হাফিজের ঘাড়ে ও বামহাতে কুপিয়ে সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
জেইউ/এএইচ/পিআর