তসলিমা নাসরিনকে হত্যার হুমকি!
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে টুইটারে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ জন্য উদ্বিগ্ন তসলিমা নাসরিন নিরাপত্তার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে চাইছেন। কিন্তু রাজনাথের দপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভারতে নির্বাসিত এই লেখিকা।
এদিকে বাংলাদেশে তিন মাসে পর পর তিনজন ধর্মবিরোধী ব্লগ-লেখককে কুপিয়ে হত্যা করার পর হুমকিগুলোকে হালকাভাবে নিতে পারছেন না তসলিমা।
বিতর্কিত লেখালেখির জন্য হুমকি তসলিমা নাসরিনের জন্যে নতুন কিছু নয়, তবে সম্প্রতি ‘অ্যাট জিহাদ ফর খলিফা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে টুইট করা হয়েছে, ‘৮৪ জনের হিটলিস্টে তোমারও নাম আছে। দিন গুনতে শুরু করো।`
এই ৮৪ জনের হিটলিস্ট বলতে সেই খতম-তালিকায় ছিল বাংলাদেশের ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু এবং অনন্ত বিজয় দাসের নাম। যাদের নামে প্রথমে মৃত্যু পরোয়ানা জারি হয়েছিল, পরে তাদের খুন করা হয়।
একইভাবে বেপরোয়া, প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে কবি শামসুর রহমান, লেখক হুমায়ুন আজাদকেও। ‘অ্যাট জিহাদ ফর খলিফা’ ওই হুমকি-টুইটটি আসলে ‘আনসার আল ইসলাম অ্যাট আনসার বিডি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ফরোয়ার্ড করা হয়েছে, যে আনসার বাংলাদেশের নাম উঠে আসছে প্রতিটি ব্লগার হত্যার পরেই। ওদের অ্যাকাউন্টেও খুন হওয়া চার ব্লগারের ছবি, যার গায়ে ডিজিটাল রক্তের ফোঁটা, নিচে লেখা- আমরা কাউকে ভুলি না!
এসকেডি/আরএস/আরআই