১৪ মে : একনজরে সারাদিনের খবর
মরণ ফাঁদ যেন হাতিরঝিল!
মন খারাপের মুহূর্তে রাজধানীর হাতিরঝিল যেন অনেকের ঠিকানা। বেড়াতে গেলে মুহূর্তেই ভালো হয়ে যায় মন। তাই ফুসরত পেলেই বন্ধু মহল, পরিবার, প্রিয় কিংবা প্রেয়সীর হাত ধরে যেখানে বসে জমপেস আড্ডা সেই হাতিরঝিলই কিনা এখন মরণ ফাঁদ!
হাতিরঝিল উদ্বোধন ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। প্রকল্পটি উদ্বোধনের পর থেকে গত দুই বছরে খুন ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৩ জন, আহত অর্ধশতাধিক। নিহতের মধ্যে রয়েছেন- দর্শনাথী, প্রেমিক যুগল, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, গার্মেন্টস কর্মী, এছাড়াও রয়েছেন কলেজ শিক্ষক। এই পরিসংখ্যানই বলে দেয় হাতিরঝিল যেন মৃত্যু উপত্যকা।
মাথাপিছু আয় ১৩১৪ ডলার
বাংলাদেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় এখন ১ হাজার ৩১৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার ৮০ টাকা হিসেবে বাংলাদেশের একজন মানুষ বছরে ১ লাখ ৫ হাজার ১২০ টাকা আয় করেন। গত বছরে মানুষের আয় ছিলো ১ হাজার ১৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় ৯২ হাজার ৫৫২ টাকা। সরকার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মাথাপিছু আয়ের এই পরিসংখ্যান তুলে ধরে।
প্রতিরক্ষা খাতে আরো দুই হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া বলেছেন, সশস্ত্রবাহিনীকে আরো আধুনিক করতে হলে প্রস্তাবিত বাজেটের চাইতে আরো দুই হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দিতে হবে। ২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ হাজার ৩শ` ৬৯ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এ অর্থ যথেষ্ট নয়।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বৃহস্পতিবার রাজধানীর নিজ বাসভবনে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন।
জাপানের আইটি সপ্তাহে বাংলাদেশ
প্রথমবারের মতো জাপানের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘জাপান আইটি উইক’ এ অংশগ্রহণ করলো বাংলাদেশ। জাপানের রাজধানী টোকিওর বিগসাইটে অনুষ্ঠিত এ মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
পাচার হওয়া বাংলাদেশিদের দুঃসহ জীবন
উপকূল থেকে ৮০০ অভিবাসী বহনকারী দুটি নৌকা সাগর থেকেই ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা থাকতে পারে। ৫ থেকে ৬শ’ করে অভিবাসী বহনকারী দুটি নৌকা বৃহস্পতিবার সকালে উপকূলে ভিড়তে চাইলে সাগর থেকেই ফিরিয়ে দেয় মালয়েশিয়ান নিরাপত্তা বাহিনী।
বন্দি বিনিময় চুক্তিতে সালাহউদ্দিনকে ফেরত আনা হবে
বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ ও ভারতের বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রযুক্তির অভাবে ধরাছোয়ার বাইরে হত্যাকারীরা
রাজধানীর গোপিবাগের ৬ খুন, ইসলামি নেতা ফারুকী, ব্লগার অভিজিৎসহ গত দেড় বছরে রাজধানীতে ঘটেছে বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড। তবে এ পর্যন্ত এগুলোর সুরাহা দূরের কথা, হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। এজন্য অবশ্য উন্নত প্রযুক্তির অভাবকে দায়ী করলেন পুলিশের তদন্ত বিভাগের সদস্যরা।
সাহসিকতার পুরস্কার পেলেন প্রবাসী বাংলাদেশি
নিজের জীবন বাজি রেখে ইতালীয় এক নারীকে বাঁচানোর পুরস্কার হিসেবে সেই দেশের নাগরিকত্ব পেলেন সবুজ নামে এক বাংলাদেশি। ইতালির রোমে পানিতে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে তাকে সাহসিকতার সঙ্গে প্রাণে বাঁচান সবুজ।
যেমন হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো
চূড়ান্ত করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো। সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে ২০টি গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম পে-স্কেল চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবের বেতন ধরা হয়েছে ৯০ হাজার টাকা (নির্ধারিত) এবং সিনিয়র সচিবের বেতন ৮৪ হাজার টাকা (নির্ধারিত)। তবে নতুন বেতন কাঠামোতে বাদ দেয়া হয়েছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল। এই বেতন ১ জুলাই থেকে দুই ধাপে বাস্তবায়ন করা হবে।
পুলিশের মানবাধিকার লঙ্ঘন খতিয়ে দেখতে কেন টাস্কফোর্স নয়
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে কেন স্থায়ী টাস্কফোর্স গঠন করা হবে না তা জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. মিজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।
গুলশান বারিধারা ও নিকেতনে ১০০ সিসি ক্যামেরা
রাজধানীর গুলশান, বারিধারা ও নিকেতন এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিসি ক্যামেরার প্রকল্পটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকায় আসছেন কমনওয়েলথভুক্ত অঞ্চলের ৪৫ এমপি
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬তম বার্ষিক পার্লামেন্টারি সেমিনার এবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’ এই মূলভাবকে সামনে রেখে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ১৮ মে সোমবার সকালে চারদিনব্যাপী এ সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বৃস্পতিবার সংসদ সচিবালয় থেকে এসব তথ্য জানা গেছে।
ভিসা পেলেন হাসিনা আহমেদ
ভারত যাওয়ার ভিসা পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। ভিসা হাতে পাওয়ার পর আজই (বৃহস্পতিবার) হাসিনা আহমেদ ভারতে রওনা হবার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
ব্রাভোর গানে নাচবেন ধোনি
ড্যারেন স্যামি, কিরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালাম, মাইকেল হাসি ও আন্দ্রে রাসেল সকলকে নাচিয়ে ছেড়েছেন ডোয়াইন ব্রাভো। এবার ধোনিকেও নাচাবেন তিনি। নতুন অ্যালবামে ব্রাভো যে গান গেয়েছেন, সেই গানের তালেই পা মেলাবেন ধোনি। খুব শিগগিরই ভিডিওর জন্য শুট করবেন ধোনি, জাদেজা।
জনপ্রিয়তার তালিকায় সপ্তম স্থানে সাকিব
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বসেরা ক্রীড়া তারকারা এখন ভক্ত-সমর্থকদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছেন। ফেসবুক ও টুইটারের কল্যাণে ক্রীড়া তারকাদের দৈনন্দিন কার্যক্রম, এমনকি ব্যক্তি জীবনও ভক্তদের হাতের নাগালে পৌঁছেছে।
ফেসবুকের ভক্ত সংখ্যা দিয়ে এখন খুব সহজেই বিচার করা যায় একজন ক্রীড়াবিদের জনপ্রিয়তা। যে খেলোয়াড় তার ক্রীড়াশৈলীতে যতটা আলোচিত, তার ফেসবুক, টুইটার ভক্ত সংখ্যাও তত বেশি।
আরএস