নারী লাঞ্ছনাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৭ মে ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে আটজনকে চিহ্নিত করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য কিছুই জানা যায়নি। তিনি বলেন, এক্ষেত্রে চিহ্নিতদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তাকারীদের এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।

রোববার রাজধানীর পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি আরো বলেন, আগামী ৩ জুন থেকে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এখন থেকে ট্রাফিক নিয়মে গাড়ি চলবে। নিয়ম করে গাড়ি চালাতে ইতিমধ্যে ট্রাফিক নিয়মের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

আনসারুল্লাহ বাংলাটিম প্রসঙ্গে আইজিপি বলেন, আনসারুল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে আরো পাঁচটি সংগঠনকে নিষিদ্ধের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল।

ইয়াবা ও মানবপাচারকারীরা একই সিন্ডিকেট অথচ ইয়াবা পাচারকারীরা আটক হলেও মানবপাচারকারীরা কেন ধরা পড়ছেন না? এমন প্রশ্নের জবাবে একেএম শহীদুল হক বলেন, মানবপাচারকারীদের কয়েকটি সিন্ডিকেট চিহ্নিত হয়েছে। প্রয়োজনীয় তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সালাহউদ্দিনের বিষয়ে শহীদুল হক বলেন, আমাদের দেশের কোনো আসামি যদি অন্য কোনো দেশে (অবৈধ অনুপ্রবেশের দায়ে) আটক হন, তাহলে সে দেশের আইন অনুযায়ী বিচারের পর বন্দি বিনিময় চুক্তি (যদি থাকে) অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।