ব্লগারদের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৭ মে ২০১৫
ফাইল ছবি

ব্লগাররা নিরাপত্তা চাইলে তাদের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। রোববার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাছাড়া ঘটনাগুলোর তদন্তের কোনো অগ্রগতি নেই বিষয়গুলো সাংবাদিকরা তাকে অবহিত করেন।

এ সময় তিনি বলেন, পুলিশ ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যদি কোনো ব্লগার তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পুলিশের কাছে নিরাপত্তা চায়, তাকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হবে।

আনসারুল্লাহ বাংলাটিম প্রসঙ্গে আইজিপি বলেন, আনসারুল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে আরো পাঁচটি সংগঠনকে নিষিদ্ধের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, গত আড়াই মাসে রাজধানীতে দুইজন এবং সিলেটে একজন ব্লগারকে একই কায়দায় কুপিয়ে হত্যা করে উগ্রপন্থিরা। এ তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনারও কূল-কিনারা করতে পারেনি পুলিশ।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।