মানবপাচারে জড়িত সিন্ডিকেট শনাক্ত : আইজিপি


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৭ মে ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সিন্ডিকেট মানবপাচারের সঙ্গে জড়িত। এর মধ্যে দুই-তিনটি সিন্ডিকেটকে আমরা শনাক্ত করেছি। খুব শিগগিরই চক্রগুলো ধরা পড়বে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইয়াবা ও মানবপাচারকারীরা একই সিন্ডিকেট অথচ ইয়াবা পাচারকারীরা আটক হলেও মানবপাচারকারীরা কেন ধরা পড়ছেন না? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে একেএম শহীদুল হক বলেন, পুলিশ কাজ করে তথ্য-প্রমাণ ও সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে। পুলিশ ঢালাও বক্তব্য গ্রহণ করে না। প্রয়োজনীয় তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাধারণত দেশের সাতক্ষীরা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালি, ঝিনাইদহসহ দেশের বেশ কয়েকটি স্থানে এই সিন্ডিকেটগুলো সক্রিয়। তিনি বলেন, আমরা পাচারের শিকারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। যে অঞ্চল দিয়ে মানবপাচার হওয়ার সম্ভাবনা বেশি সে অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইজিপি আরো বলেন, মানবপাচার বন্ধে ও পাচারকারীদের কূটকৌশল ধরতে সবকিছুর আগে দরকার সচেতনতা। পুলিশ সচেতনতামূলক কাজও করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।