মুজাহিদের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৭ মে ২০১৫

একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের করা আপিলের শুনানি পঞ্চম দিনের মতো আজ শেষ হয়েছে। এ মামলায় পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ পরবর্তী দিন ধার্য করে এ আদেশ দেন।
এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায়ের কিছু অংশ আজ আদালতকে পড়ে শোনান আইনজীবী এস এম শাহজাহান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল আবেদন করা হয় একই বছরের ১১ আগস্ট। ওই আপিলের ওপর গত ২৯ এপ্রিল শুনানি শুরু হয়।

জেআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।