ইন্দিরা গান্ধী হাসপাতালে সালাহউদ্দিন


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২০ মে ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে শিলং সিভিল হাসপাতাল থেকে নর্থ ইষ্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস (ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্দিরা গান্ধী হেলথ ও মেডিকেল সায়েন্স) হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। বুধবারের মধ্যেই তাকে সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক জি কে গোস্বামী।

বুধবার জি কে গোস্বামী বলেন, সিটিস্ক্যানে সালাহউদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়েছে। তার আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। সালাহউদ্দিনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের শল্য চিকিৎসক মনে করেন, তার কিডনি চিকিৎসার জন্য আর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার দরকার। এ সুবিধাগুলো সিভিল হাসপাতালে নেই। এ জন্য আজ দুপুরে তাকে নেগ্রিমসে পাঠানোর সুপারিশ করা হয়।

এদিকে সকালে ভারতের মেঘালয়ের শিলংয়ের সিভিল হাসপাতালের বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সালাহউদ্দিনকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার আগে তার উন্নত চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসময় সালাহউদ্দিনকে সিঙ্গাপুর নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এআরএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।