পুলিশের বাধায় নারী লাঞ্ছনার প্রতিবাদকারীদের কর্মসূচি পণ্ড
বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল বামছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে স্বরাষ্ট মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। বুধবার সকাল থেকেই এ কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় এলাকায় কঠোর অবস্থান নেয় পুলিশ। এরই মধ্যে টিএসসি থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় পর্যন্ত বন্ধ হয়ে গেছে যানচলাচল।
তবে পুলিশের রমনা জোনের একজন কর্মকর্তা বলেন, স্পর্শকাতর হওয়ায় মিছিলসহ স্বরাষ্টমন্ত্রণালয় এলাকায় যেতে দেয়া হবে না। এরপরেও বুধবার দুপুর সোয়া বারোটার দিকে প্রতিবাদকারীরা মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে যেতে থাকলে দোয়েল চত্বরে পৌঁছালে ১ম বাধা দেয় পুলিশ। ওই বাধা অতিক্রম করে মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে আবারো বাধা দেয় পুলিশ। তবে প্রতিবাদকারীরা পুলিশের এই বাধা অতিক্রম করতে না পারায় সেখানেই সমাবেশ করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্দোলনের সম্বনয়ক হাসান তারেক বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে তা নজিরবিহীন। তবে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি যাতে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গিয়ে একটা স্মারকলিপি দেয়া যায়। তবে আজকের এই পুলিশি বাধার পর পরবর্তী কর্মসূচি এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাংলা বর্ষবরণের দিন টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে সম্প্রতি প্রগতিশীল ছাত্র জোট ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। অভিযোগ উঠে একজন নারীকে বেধড়ক মারধরের। এই দুইটি ঘটনার প্রতিবাদে আজকের এ কর্মসূচি আহ্বান করা হয়েছিল।
জেআর/পিআর